প্রয়াত কবীন্দ্র পুরকায়েস্থের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য

আগরতলা, ১৭ জানুয়ারি: প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য আজ আসামের শিলচরে প্রয়াত প্রাক্তন সংসদ সদস্য কবীন্দ্র পুরকায়েস্থের বাসভবনে গিয়ে তাঁর শ্রদ্ধানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি প্রয়াত হন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়েস্থ। উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি সংগঠনের ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

আজ শিলচরস্থিত তাঁর বাসভবনে গিয়ে রাজিব ভট্টাচার্য প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং তাঁর অবদান স্মরণ করেন। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এই সময়ে রাজিব ভট্টাচার্য বলেন, কবীন্দ্র পুরকায়েস্থের প্রয়াণে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর আদর্শ ও অবদান বিজেপি কর্মীদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে।