অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদারে আগরতলায় রাজ্যস্তরের কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ১৬ জানুয়ারি: অঙ্গদান ও প্রতিস্থাপন প্রক্রিয়া জোরদার করতে রাজ্যে কর্মশালা
রাজ্যে অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে স্টেট অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন ত্রিপুরার  উদ্যোগে এবং মোহন ফাউন্ডেশন –এর সহযোগিতায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

“ অর্গান ডোনেশন এন্ড ট্রান্সপ্লান্টেশন প্রসেস স্ট্রেংদেনিং” শীর্ষক এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব  কিরণ গিত্যে। তিনি তাঁর বক্তব্যে অঙ্গদানকে একটি মানবিক ও জীবনরক্ষাকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এর সফল বাস্তবায়নে আইসিইউ পর্যায়ে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা ডাঃ এইচ. পি. শর্মা। এছাড়া আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ বিপ্লব নাথ এবং মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ বিধান গোস্বামী উপস্থিত থেকে কর্মসূচিকে সমর্থন জানান।

কর্মশালায় রিসোর্স ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন  এইমস, নিউ দিল্লির নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ দীপক গুপ্ত এবং মোহন ফাউন্ডেশন–এর  একজিকিউটিভ ডাইরেক্টর শ্রীমতী পল্লবী কুমার। তাঁরা ব্রেন ডেথ সনদীকরণ, আইসিইউ-ভিত্তিক ডোনার শনাক্তকরণ, কাউন্সেলিং এবং এনওটিপি নির্দেশিকা অনুযায়ী সমন্বিত অঙ্গদান ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।

এই কর্মশালায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আইজিএম, টিএমসি এবং আইএলএস হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এসওটিটিও ত্রিপুরার  নোডাল অফিসার ডাঃ মণিরুল ইসলাম জানান, এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে রাজ্যে মৃতদেহভিত্তিক অঙ্গদান ও প্রতিস্থাপন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকদের মতে, এই কর্মশালা রাজ্যে নৈতিক, স্বচ্ছ এবং সংগঠিত অঙ্গদান ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।