বড়দিনের বার্তায় পুতিনকে কটাক্ষ জেলেনস্কির, ইউক্রেনের জন্য শান্তির আহ্বান

কিয়েভ, ২৫ ডিসেম্বর : বড়দিনের প্রাক্কালে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত প্রায় তিন মিনিটের বার্তায় তিনি ইউক্রেনের জন্য শান্তির কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর বক্তব্যে পুতিনের উদ্দেশে পরোক্ষভাবে মৃত্যুকামনার ইঙ্গিতও রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

জেলেনস্কি বলেন, “আজ আমাদের সবার একটাই স্বপ্ন। আর আমরা একটাই কামনা করি— ‘সে যেন ধ্বংস হয়’। হয়তো প্রত্যেকে নিজের মনে এমনটাই ভাবি।”
যদিও পরের মুহূর্তেই তিনি যোগ করেন, ইউক্রেনবাসী ঈশ্বরের কাছে আরও বড় কিছুর প্রার্থনা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা ইউক্রেনের জন্য শান্তি চাই। তার জন্য লড়াই করছি, তার জন্য প্রার্থনা করছি। আমরা শান্তির যোগ্য।”
তিনি আরও বলেন, “প্রত্যেক ইউক্রেনীয় পরিবার যেন শান্তিতে বসবাস করতে পারে, প্রতিটি ইউক্রেনীয় শিশু যেন উপহার পেয়ে হাসতে পারে এবং ভালোবাসা ও অলৌকিকতার প্রতি শিশুসুলভ বিশ্বাস ধরে রাখতে পারে।”

জেলেনস্কির এই বড়দিনের বার্তা এমন এক সময়ে এল, যখন রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। পাশাপাশি একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে।

এই হামলার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, “বড়দিনের আগের রাতে রাশিয়া আবারও দেখিয়ে দিয়েছে তারা আসলে কী। ব্যাপক গোলাবর্ষণ, শত শত ‘শাহেদ’ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কিনঝাল হামলা—সবকিছু ব্যবহার করা হয়েছে। এটাই ঈশ্বরহীন আঘাত।”

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিয়ে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ২০ দফা শান্তি প্রস্তাব বুধবার রাশিয়ার সামনে পেশ করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের অবসান ঘটাতেই এই প্রস্তাব।

জেলেনস্কির দাবি, প্রস্তাবের একাধিক বিষয়ে সমাধানের পথ দেখানো হলেও ভূখণ্ড সংক্রান্ত বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে। রাশিয়া ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি জানালেও কিয়েভ তা মানতে রাজি নয়। তবে মস্কো এই দাবিতে এখনও অনড় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।