পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে ডেপুটেশন কৈলাসহর সিপিএম শহর পূর্বাঞ্চল কমিটির

আগরতলা, ২৩ ডিসেম্বর: পানীয় জলের দীর্ঘদিনের সমস্যার স্থায়ীভাবে সমাধানের দাবিতে কৈলাসহর সিপিএম শহর পূর্বাঞ্চল কমিটির উদ্যোগে পানীয় জল ও স্যানিটেশন দপ্তরের সহকারী প্রকৌশলী এনসি বিশ্বাসের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে।

ডেপুটেশনের মাধ্যমে নূরপুর, ফুলবাড়িকান্দি ও শ্রীনামপুর এলাকার একাধিক ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের সংকটের বিষয়টি তুলে ধরা হয়। প্রতিনিধিরা জানান, এই সমস্ত এলাকায় পর্যাপ্ত ও নিয়মিত পানীয় জল সরবরাহ না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ডেপুটেশনে বিশেষভাবে দাবি জানানো হয়, নূরপুর ২ নম্বর ওয়ার্ডে ডিপ টিউবওয়েলের জন্য দ্রুত ফিল্টারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সুলতানপুর সহ যেসব বাড়িতে এখনও পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছায়নি, সেখানে অবিলম্বে জল সংযোগ দেওয়ার দাবি তোলা হয়।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা নন্দীতা মালাকার, ইছবপুর পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা দেবসহ কৈলাশহর সিপিএম শহর পূর্বাঞ্চল কমিটির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সহকারী প্রকৌশলী এন সি বিশ্বাস বলে জানিয়েছেন প্রতিনিধিরা।