আগরতলা, ২২ ডিসেম্বর: সন্ধ্যারাতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কদমতলা থানার অন্তর্গত পূর্ব কদমতলা ৩ নম্বর ওয়ার্ডে, গাড়িচালক তপন মালাকারের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তপন মালাকার গাড়ি নিয়ে বাইরে ছিলেন। সেই সময় তার স্ত্রী ও সন্তানরা পার্শ্ববর্তী এলাকার একটি মন্দিরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোর বা চোরের দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে ভেতরে রাখা স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
তপন মালাকার জানান, এই চুরির ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ধ্যা রাতের মতো সময়ে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

