স্ত্রী ও সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে যুবকের মৃত্যু

আগরতলা, ১০ ডিসেম্বর : স্ত্রী ও সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আজ সকালে বিলোনিয়া থানার বড়পাথরি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে স্কুলে নামিয়ে বাড়ি ফিরছিলেন শ্যামল পাটারী। পথে একটি দ্রুতগামী ট্রাক আচমকাই তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যামল। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃ‌ত বলে ঘোষণা করেন। শ্যামল পাটারী পেশায় রংমিস্ত্রি ছিলেন। তার বাড়ি বড়পাথরি লক্ষ্মীপুর পঞ্চায়েতের গর্জনিয়া এলাকায়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা শুরু করেছে এবং ঘটনার তদন্ত চলছে।