আগরতলায় শিশুবিহার স্কুলের সামনে এক মাসের শিশু চুরির অভিযোগ, এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য

আগরতলা, ১০ ডিসেম্বর: রাজধানী আগরতলায় শিশুবিহার স্কুলসংলগ্ন সংগ্রহ এলাকায় এক মাসের শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শিশুটির মা অভিযোগ করেন, স্কুলের সামনে যাত্রী শেডে দুই সন্তানকে রেখে তিনি বাথরুমে গেলে ফিরে এসে দেখেন তার এক মাসের দুধের শিশুকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিয়ে পালিয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ওই সময় শিশুটির চার বছরের বড় সন্তান দেখেছিল যে এক মহিলা শিশুটিকে কোলে নিয়ে একটি রিকশায় চেপে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। শিশুর মায়ের কান্না শুনে পথচারী এক যুবতী এগিয়ে এসে পুরো ঘটনা জানতে পারে এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্কুলের সামনের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে শিশুচোরকে চিহ্নিত করা ও অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক অভিযান চলছে।