সোনামুড়া চৌমুহনীতে অটোরিকশা চুরি, উদ্ধার টেপানিয়ায়, পুলিশের টহল ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৪ নভেম্বর : উদয়পুর সোনামুড়া চৌমুহনী এলাকায় অটোরিকশা চুরি এবং পরে টেপানিয়ায় তা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, অটোর মালিক মুখফুস আলি খাদিম রবিবার রাতে প্রতিদিনের মতো অটোরিকশাটি রাস্তার পাশে রেখে বাড়িতে ফিরে যান। কিন্তু সোমবার ভোরে বাইরে এসে তিনি দেখেন অটোরিকশাটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও অটো না পাওয়ায় তিনি রাধাকিশোরপুর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ দায়েরের কিছুক্ষণ পরই খবর আসে যে অটোরিকশাটি টেপানিয়ায় পড়ে রয়েছে। পরে মালিক সেখানে গিয়ে নিজের অটোরিকশা শনাক্ত করেন।

অটোরিকশাটি ফিরে পেয়ে মুখফুস আলি খাদিম স্বস্তি পেলেও, পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি এবং এলাকার বহু বাসিন্দা। তাদের অভিযোগ রাতে টহল থাকা সত্ত্বেও কীভাবে অটো চুরি হয়ে গেল? এলাকায় চুরি-ডাকাতির ঘটনা রুখতে পুলিশের তৎপরতার ঘাটতি রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, চুরি ঠেকাতে রাতের পাহারা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা দরকার। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।