আগরতলা, ১৪ নভেম্বর:
করবুক ব্লকের সগরাম পাড়ায় গত এক মাস ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে এলাকায় থাকা মোটর থাকা সত্ত্বেও পানীয় জলের সরবরাহ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অন্ধকারে দিনযাপন করছেন প্রায় ৮০ পরিবারের বাসিন্দারা। বারবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও স্থায়ী সমাধান।
এলাকাবাসীর অভিযোগ, মাত্র ২৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার দিয়ে এতগুলো বাড়ির বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব নয়। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও পরিষেবা পাচ্ছেন না তারা। সমস্যা নিয়ে দপ্তরে গেলে জানানো হয়, নতুন ট্রান্সফরমার বসাতে হলে এলাকাবাসীকেই ৩০ হাজার টাকা সংগ্রহ করে জমা দিতে হবে।
এই অর্থ জমা না দেওয়া পর্যন্ত নতুন ট্রান্সফরমার দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে দপ্তর। ফলে বাধ্য হয়ে অন্ধকারেই থাকতে হচ্ছে সগরাম পাড়ার বাসিন্দাদের। পরিস্থিতির দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

