আগরতলা, ১২ নভেম্বর: রিক্সা রাখাকে কেন্দ্র করে পশ্চিম আগরতলার রাধানগর এলাকায় এক পরিবারের উপর দুষ্কৃতিকারীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে প্রায় ৯টা ৪৫ মিনিটে রাধানগর রাধামাধব সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় রাহুল দেবরায়ের ছোট ভাই রাজীব দেবরায়ের উপর পাঁচজন দুষ্কৃতিকারী আকস্মিকভাবে হামলা চালায়। ওই সময় রাজীব দেবরায় প্রতিদিনের মতো স্থানীয় সত্যজিৎ দেবনাথের বাড়ির সামনে থাকা গ্যারেজে তার সাতটি ব্যাটারি চালিত রিকশা চার্জে দিচ্ছিলেন। অভিযোগ, হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে। তাঁকে বলে, তাদেটলর অনুমতি ও টাকা ছাড়া ওই এলাকায় রিকশা রাখলে এর ফল ভালো হবে না। এই হামলার পেছনে রাধানগর এলাকার বাসিন্দা সুমিত দাস জড়িত রয়েছে বলেও অভিযোগ। তার সঙ্গে ছিলেন ভাই অমিত দাস এবং তাদের দোকানের ম্যানেজার দীপঙ্কর সহ আরও দুই-তিনজন অজ্ঞাত দুষ্কৃতিকারীও এই হামলায় অংশ নেয়।
পরিবারের দাবি, খবর পেয়ে রাহুল দেবরায়, তার পিতা উত্তম দেবরায় ও ভাই রাজীব দেবরায় ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আবারও তাদের উপর আক্রমণ চালায়। অভিযোগ, হামলার সময় সুমিত দাস রাহুল দেবরায়ের মা নমিতা দেবরায়- এর প্রতি অশালীন আচরণ করে, তার পোশাক ছিঁড়ে ফেলে এবং রাস্তায় ফেলে দেয়। হামলায় পরিবারের সকলেই গুরুতরভাবে আহত হন। এছাড়াও অভিযুক্তরা উত্তম দেবরায়ের স্কুটি ভাঙচুর করে ও চাবি ছিনিয়ে নেয়।
পাশের লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে জানা গেছে। পরে আহতরা আইজিএম হাসপাতালে চিকিৎসা নিতে যান। গুরুতর আহত রাহুল ও রাজীব দেবরায়কে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পর্রবতী সময়ে অভিযুক্ত সুমিত দাস, অমিত দাস, দীপঙ্কর ও অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে পরিবারের সদস্যরা।

