দীপাবলির রাতে দূর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর

আগরতলা, ২১ অক্টোবর: দীপাবলির আনন্দের মাঝেই ছায়া নেমে এল কৈলাসহরের এক পরিবারে। উৎসবের রাতে ব্যাটারিচালিত অটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সন্ধ্যায় কিছু সবজি কেনার উদ্দেশ্যে স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কাননবাবু। বাইতুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো তাঁর স্কুটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কানন দেবনাথকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার পরপরই পুলিশ স্কুটি ও ব্যাটারিচালিত অটো দু’টি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানা গিয়েছে।

কানন দেবনাথ কৈলাসহরেরই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর অকালপ্রয়াণে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।