ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলির দিনে উপচে পড়া ভিড়

আগরতলা, ২০ অক্টোবর : দীপাবলির পবিত্র দিনে রাজ্যের প্রধান শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। ভোর হতেই হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে উপস্থিত হন মন্দির চত্বরে। মায়ের আরাধনায় মুখর হয়ে ওঠে গোটা উদয়পুর শহর।

দীপাবলি উপলক্ষে প্রতি বছরই বিশেষ আয়োজন করা হয় ত্রিপুরা সুন্দরী মন্দিরে। সেই অনুযায়ী এ বছরও ভোর থেকে শুরু হয় বিশেষ পূজা-অর্চনা, হোম-যজ্ঞ, এবং দীপ প্রজ্জ্বলন। পুণ্য লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই পবিত্র শক্তিপীঠে।

ভোর ৪টা থেকেই মন্দিরের গেট খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। প্রথম প্রহরেই মন্দির চত্বরে জড়ো হতে থাকেন ভক্তরা। হাতে ফুল, প্রসাদ, মাটি ও তেলের প্রদীপ নিয়ে পুজোর জন্য লাইনে দাঁড়ান হাজারো মানুষ। দীপাবলির শুভ মুহূর্তে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে শিশু থেকে বৃদ্ধ সববয়সী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দীপাবলির দিনে দর্শনার্থীদের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেশি। তাদের সুষ্ঠু পরিচালনার জন্য মন্দির চত্বরে অতিরিক্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানদের সাহায্যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল।