ধর্মনগর সাব-জেল পলায়ন কাণ্ডে রহিম আলী ফের জেল হাজতে

ধর্মনগর, ১৩ অক্টোবর : ত্রিপুরার উত্তর জেলার বহুল আলোচিত ধর্মনগর সাব-জেল পলায়ন কাণ্ডে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামী রহিম আলীকে তিন দিনের পুলিশি রিমান্ড শেষে সোমবার পুনরায় আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে ফের ১৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা গেছে, পুলিশি জিজ্ঞাসাবাদে রহিম আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উদ্ঘাটিত হয়েছে, যা পলায়ন কাণ্ডের তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দুর্গাপূজার নবমীর ভোরে কালিকাপুরস্থিত ধর্মনগর সাব-জেল থেকে মোট ছয়জন সাজাপ্রাপ্ত আসামী নাটকীয়ভাবে পালিয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।

এখন পর্যন্ত পুলিশ তিনজন পলাতক আসামী— আব্দুল পাত্তা, নারায়ণ দত্ত ও রহিম আলী—কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে এখনও বাকি তিনজন আসামী পলাতক, যাদের ধরতে জোরদার অভিযান চালানো হচ্ছে।

ঘটনার পর সাব-জেলের নিরাপত্তা ব্যবস্থার গলদ নিয়ে প্রশাসনের গাফিলতি সামনে আসায়, ইতিমধ্যেই ছয়জন জেল কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান, সোমবার আদালতে রহিম আলীর পাশাপাশি একই মামলায় অভিযুক্ত হানু মিয়াকেও তোলা হয়। আদালতের নির্দেশে হানু মিয়াকেও তিন দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পলায়ন করা বাকি আসামীদেরও আগামী ১৬ অক্টোবর একত্রে আদালতে পেশ করা হবে।