আগরতলা, ২৭ সেপ্টেম্বর : আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি এক মহিলা সহ এক ভারতীয় টাউটকে আটক করল জিআরপি। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা আগে থেকেই সতর্ক ছিল এবং সঠিক সময়ে অভিযানে নেমে দুই ব্যক্তিকে পাকড়াও করতে সক্ষম হয়েছে।
আজ সকালে আগরতলা রেল স্টেশনের প্রধান প্রবেশদ্বারে সন্দেহভাজন হিসেবে দুজন ব্যক্তিকে লক্ষ্য করেন কর্তব্যরত পুলিশ ও বিএসএফ জওয়ানরা। তাদের গতিবিধি ও আচরন অসঙ্গতি দেখা দিলে জেরা শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই দুজনের পরিচয় ও উদ্দেশ্য ফাঁস হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি মহিলার নাম ইয়াসমিন জাহান ইতা, ভারতীয় টাউটের নাম সমীরণ উড়িয়া, বাড়ি ধলাই জেলার কমলপুর। পুলিশি জেরায় ইয়াসমিন জানায়, সে খোয়াই জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে। এরপর পাচারকারী সমীরণ তাকে সঙ্গে নিয়ে বহিঃরাজ্যে পাচারের পরিকল্পনা করেছিল বলে পুলিশের অনুমান।

