কর্মস্থলে গিয়ে ওএনজিসি শ্রমিকের রহস্যজনক মৃত্যু, দিশেহারা অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১১ সেপ্টেম্বর: রহস্যঘেরা পরিস্থিতিতে মৃত্যু হল ওএনজিসি শ্রমিক প্রসেনজিৎ সূত্রধর (২৯)-এর। আগরতলার সাধুটিলা এলাকার বাসিন্দা প্রসেনজিতের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিজনরা দিশেহারা।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছ’টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন প্রসেনজিৎ। গভীর রাতে হাঁপানিয়া হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন আসে যে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছালেও তাঁকে মৃত অবস্থায় পান পরিজনরা।
প্রশ্ন উঠছে— কে বা কারা প্রসেনজিৎকে হাসপাতালে নিয়ে এল? আসলে তাঁর সঙ্গে কী ঘটেছিল? এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্যই মেলেনি। পরিবারের দাবি, তাঁরা ইতিমধ্যেই ওএনজিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকের ফোন সুইচ অফ থাকায় এবং সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ না হওয়ায় আরও বাড়ছে ধোঁয়াশা।

প্রসেনজিতের মাথায় দুটি আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে, দুর্ঘটনা নাকি অন্য কিছু— তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, থানায় যাওয়ার পরও পুলিশ শুধু তালবাহানা করছে, কোনও সদুত্তর দিচ্ছে না।
বর্তমানে প্রসেনজিতের দেহ হাঁপানিয়া হাসপাতালেই রয়েছে। পরিজনরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।