দরং চা বাগানে চা-পর্যটন প্রকল্পের উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী

অসম, ৫ সেপ্টেম্বর: চা বাগানকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এক ধাপ এগিয়ে গেল অসম। বৃহস্পতিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোনিতপুর জেলার দরং চা বাগানে একটি চা-পর্যটন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই প্রকল্পটি অসম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন -এর উদ্যোগে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে, দরং চা বাগানের ঐতিহ্যবাহী বাংলোটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে।

সম্পত্তি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ অসমের চা-পর্যটনের সম্ভাবনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তিনি বলেন, ইতিমধ্যেই বহু বিশিষ্ট ব্যক্তি এই চা বাগান পরিদর্শন করেছেন এবং রাজ্যের বাইরের পর্যটকদের কাছ থেকে অগ্রিম বুকিংও আসতে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন,”চা-পর্যটনের মাধ্যমে শুধু চা-এর ঐতিহ্য ও চা শ্রমিকদের জীবনধারাই নয়, অসমের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, কুটির শিল্প এবং সংস্কৃতির বৈচিত্র্য দেশ-বিদেশে তুলে ধরা যাবে। পাশাপাশি স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।”*

এই প্রকল্প রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন খাতেও নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।