“এক ভারত, শ্রেষ্ঠ ভারত”-এর চেতনা দেশের উন্নয়নের চালিকাশক্তি: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ আগস্ট: আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং উন্নত ভারতের লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “উৎসবের মরশুমে দেশবাসীর উচিত সবকিছুতেই স্বদেশি পণ্যের ব্যবহার করা।”

প্রধানমন্ত্রী বলেন, “উপহার হোক স্বদেশি, পোশাক হোক ভারতীয় তাঁতের, ঘরোয়া সজ্জাও হোক দেশেই তৈরি সামগ্রী দিয়ে। জীবনযাত্রার প্রতিটি স্তরে স্বদেশির প্রতি অনুরাগই প্রকৃত দেশপ্রেম।”

তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গেও জোর দেন, বলেন—“পরিচ্ছন্নতা থাকলে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।”

প্রধানমন্ত্রী বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ চেতনা এবং জাতীয় ঐক্য দেশের উন্নয়নের মূল ভিত্তি। খেলাধুলা এই ঐক্য গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। তিনি কাশ্মীরের ডাল লেকে আয়োজিত প্রথম ‘খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল’-এর কথা উল্লেখ করেন, যেখানে দেশজুড়ে থেকে প্রায় ৮০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।

তিনি ওড়িশার রশ্মিতা সাহু এবং শ্রীনগরের মোহসিন আলি-র সঙ্গে কথোপকথন করেন, যাঁরা এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও পুলওয়ামায় অনুষ্ঠিত রয়্যাল প্রিমিয়ার লিগের প্রথম দিন-রাত্রির ক্রিকেট ম্যাচের কথা বলেন, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

মোদী বলেন, চলতি বর্ষায় বন্যা ও ভূমিধসে দেশের বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয়জন হারানো পরিবারগুলোর দুঃখ তিনি শেয়ার করেন এবং এনডিআরএফ, এসডিআরএফ, সেনা, প্রশাসন, ডাক্তার ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।

তিনি জানান, থার্মাল ক্যামেরা, লাইফ ডিটেক্টর, ড্রোন ও স্নিফার কুকুর ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে দ্রুত ত্রাণ কার্য পরিচালনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ‘প্রতিভা সেতু’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উল্লেখ করেন, যা ইউপিএসসি-এর সব ধাপ পেরিয়েও চূড়ান্ত তালিকায় না ওঠা প্রার্থীদের তথ্য সংরক্ষণ করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলি উপযুক্ত কর্মী নিয়োগ করছে বলে জানান তিনি।

মোদী বলেন, রাশিয়ার ভ্লাদিভোস্টকে রামায়ণ নিয়ে শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী হয়েছে। ইতালির ক্যাম্পোরোটোন্ডোতে মহর্ষি বাল্মীকি এবং কানাডার মিসিসাগায় ভগবান রামের মূর্তি উন্মোচন হয়েছে—এগুলো প্রমাণ করে ভারতীয় সংস্কৃতির প্রসার শুধু বড় শহরে নয়, ছোট শহরেও ছড়িয়ে পড়ছে।

তিনি তার লেক্স ফ্রিডম্যান-এর সঙ্গে পডকাস্টের উল্লেখ করেন, যা শুনে জার্মান কোচ ডিটমার বায়ারসডর্ফার শাহদোলের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মোদী বলেন, ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং শাহদোলের ফুটবল বিপ্লব তা প্রমাণ করছে।

সুরতের জিতেন্দ্র সিং রাঠোর, যিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করলেও দেশের শহীদদের তথ্য সংগ্রহে নিবেদিত, তার কাজের ভূয়সী প্রশংসা করেন মোদী।

বিহারের মুজাফ্ফরপুরের দেবকী-র গল্প শেয়ার করে প্রধানমন্ত্রী জানান, একটি সোলার পাম্প ব্যবহার করে তিনি তার গ্রামে ৪০ একর জমিতে জল সেচ দিচ্ছেন, যা আগে ছিল মাত্র কয়েক একর।

মোদী ১৯৪৭ সালের হায়দরাবাদ মুক্তি দিবস ও অপারেশন পোলো-র প্রসঙ্গ তুলে ধরেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের বক্তব্যের একটি অডিও ক্লিপ শোনান। তিনি বলেন, “নিজামের স্বৈরশাসনের বিরুদ্ধে দেশবাসীর সাহস এবং সর্দার প্যাটেলের নেতৃত্বে হায়দরাবাদকে ভারতের অংশ করা গর্বের ইতিহাস।”

প্রধানমন্ত্রী বলেন, ১৫ সেপ্টেম্বর মোক্ষগুন্দম বিশ্বেশ্বরাইয়া-র জন্মদিন, যা ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করা হয়। তিনি সব ইঞ্জিনিয়ারদের শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী। তিনি বলেন, দেশের কারিগর, কামার, স্বর্ণকার, কুমার ও মূর্তিকার সম্প্রদায়ের উন্নয়নের জন্য সরকার বিশ্বকর্মা যোজনা চালু করেছে।