যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে

আগরতলা, ১৫ আগস্ট: ঊনকোটি জেলার রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্ত্রী টিংকু রায় তাঁর বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “শহীদদের ত্যাগ ও আত্মবলিদান আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য গ্রামীণ ও শহুরে জীবনে সমান উন্নয়ন নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে এক শক্তিশালী, আত্মনির্ভরশীল ও সুশিক্ষিত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়া।”