ধর্মনগরে পলিটেকনিক কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করার দাবিতে স্মারকলিপি

ধর্মনগর, ১৪ আগস্ট : উত্তর ত্রিপুরার ধর্মনগর বাগবাসা পলিটেকনিক কলেজ (এনটিডিপি)কে ডিগ্রি কলেজে উন্নীত করার দাবিতে আজ দুপুর ১টার দিকে ত্রিপুরা সরকারের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী কিশোর বর্মণের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন টিটিএএডিসি-র এক্সিকিউটিভ মেম্বার বাবা রঞ্জন রিয়াং (এগ্রিকালচার/হর্টিকালচার ও এলআরএস), নোয়াগাং সাব-জোন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান মুকাম লাল হলাম, বিশিষ্ট সমাজসেবী মেইতুং রাম হালামসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে উত্তর ত্রিপুরার শিক্ষার্থীদের বি.টেক, বি.ভোক বা অন্যান্য কারিগরি ডিগ্রি অর্জনের জন্য আগরতলা, আসাম কিংবা অন্যান্য রাজ্যে যেতে হয়, যা গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের জন্য বড় প্রতিবন্ধক। এনটিডিপির বিদ্যমান পরিকাঠামো কাজে লাগিয়ে ডিগ্রি শাখা চালু করা গেলে রাজ্যের বাইরে মেধা পাচার রোধ হবে এবং স্থানীয় যুবসমাজ আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ হয়ে ত্রিপুরার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

দাবিতে আরও বলা হয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ও রোবোটিক্সসহ অন্তত ২-৩টি ডিগ্রি প্রোগ্রাম প্রাথমিকভাবে চালু করা হোক। এই পদক্ষেপ ২০৪৭ সালের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজাতি ও গ্রামীণ যুবকদের ক্ষমতায়নে সহায়ক হবে।

স্মারকলিপির অনুলিপি উচ্চশিক্ষা সচিব, স্থানীয় এমপি-এমএলএ, জেলা ম্যাজিস্ট্রেট এবং টিপ্রা মোথা নেতৃত্বসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে।