আগরতলা, ২১ জুলাই: চলতি মৌসুমে গাঁজার নার্সারি ধ্বংসলীলা শুরু করে দিল যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানার অন্তর্গত কালিখলা এডিসি ভিলেজ এলাকার একেবারে উত্তরাঞ্চের কিছুটা বনাঞ্চলের ভিতরে গিয়ে গোপন খবরের ভিত্তিতে সাত সকালেই একে একে সাতটি নার্সারি বীট লাঠি দিয়ে পিটিয়ে ধ্বংস করে দিয়েছে পুলিশ।
এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন, সিনিয়র সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও প্রীতম দত্ত। তারা জানিয়েছেন প্রায় কয়েক সহস্রাধিক নার্সারি চারাগাছ হবে। তাদের সঙ্গে অন্যান্য স্টাফদের মধ্যে টিএসআর জওয়ান, এসইউও জওয়ান সহ সর্বসাকুল্য দশজন ছিল। কাঠালিয়া থেকে থলিবাড়ি সড়ক থেকে উত্তরে কালীখলার কৃষি মাঠের বুক চিরে গ্রামীণ সড়ক ২ কিলোমিটার হেঁটে গিয়ে নার্সারীর সন্ধান পায় পুলিশ।
যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত ও অমরকিশোর দেববর্মা জানান যে, এজাতীয় অভিযান অব্যাহত রাখা হবে। তবে এই নার্সারির মালিক কে হতে পারে তার সন্ধান এখনো বেরিয়ে আসেনি। তবে এটা ঠিক! বিগত বছরের ন্যায়, গাঁজা বাগান শুরুর আগেই নার্সারির ধ্বংসলীলা শুরু করে দিয়েছে পুলিশ।

