আগরতলা, ১৯ জুলাই : পানিসাগরের তিন আনি এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হলেন এক সবজি চাষী দিনমজুর। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন। অভিযুক্ত শাসকদলীয় নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।
ওই ঘটনায় আহত হয়েছে লিটন মালাকার পানিসাগর পঞ্চায়েত এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন সবজি চাষী এবং দীর্ঘদিন ধরে বিলথৈ চানপুর গ্রামে সবজি প্রকল্প চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
লিটনের মা নমিতা মালাকার অভিযোগ করেন, পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বর্তমান সদস্য লক্ষীকান্ত দাস বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তার নাম করে তার ছেলের কাছ থেকে ৮-৯ লক্ষ টাকা আত্মসাৎ করেন। পরে যখন লিটন সেই টাকা ফেরত চাইতে শুরু করেন, তখন লক্ষীকান্ত তাকে প্রকল্প গুটিয়ে নিতে বলে এবং হুমকি দেয় জোরপূর্বক ভেঙে দেওয়ার।
এদিন ঘটনার দিন সকালে টাকা ফেরত চাইতে গেলে লক্ষীকান্ত প্রায় ৩০-৪০ জন সাঙ্গপাঙ্গ নিয়ে তিন আনি এলাকায় এসে অতর্কিতে লিটনের উপর হামলা চালায়। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। লিটনের মা নমিতা তাকে বাঁচাতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়।
নমিতা মালাকারের দাবি, স্টার ক্লাবের সদস্য ও লক্ষীকান্তের ঘনিষ্ঠ দেবব্রত পুরকায়স্থ ওরফে দেবু সহ একদল দুষ্কৃতী লোহার রড, লাথি ও কিল-ঘুষি দিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় লিটনকে প্রথমে পানিসাগর মহকুমা হাসপাতালে ও পরে সঙ্কটজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। পুলিশের সূত্রে জানা গেছে, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

