বিষ খাইয়ে শিশুকে হত্যার অভিযোগ মামীর বিরুদ্ধে

আগরতলা, ১০ জুলাই:
এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মামীর বিরুদ্ধে। মৃত শিশুর নাম আলিফ হোসেন(১১)। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মৃত শিশুর পিতা।

ঘটনার বিবরণে মৃত শিশুর পিতা জানিয়েছেন, মায়ের সঙ্গে আলিফ মামা বাড়িতে গিয়েছিল। সেখানে সারাদিন থাকার পর তাকে তার মামি আমের জুস খেতে দেয়। আর সেটি খেয়েই অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। ওইদিন সারা রাত বমি করলে পরদিন সকালে তার বাবা এসে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাকে ওষুধ লিখে দিলে তাকে নিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু তারপরেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরবর্তীতে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেওয়া হয়। হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। শিশুর বাবা জানিয়েছেন, তার পেটে বিষাক্ত পদার্থ পেয়েছে চিকিৎসক।

শিশুর বাবা – মায়ের অভিযোগ ওই ফলের রসের সাথে শিশুকে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছে। কারণ ওই শিশুর মামী এর আগেও তার শ্বশুর শাশুড়িকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছে। তাই ওই শিশুকেও কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছে বলে অভিযোগ শিশুর অভিভাবকদের। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের দ্বারস্থ হয়ে ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তারা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুর পিতা মাতা।