চেন্নাই, ১৪ জুন: ডিজিটাল যুগে ভোক্তা সুরক্ষার জন্য সহায়ক ও অনুকূল আইনগত ও প্রযুক্তি-ভিত্তিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন উপভোক্তা বিষয়ক দফতরের সচিব নিধি খারে। চেন্নাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে ভোক্তা সুরক্ষা সংক্রান্ত একটি আঞ্চলিক কর্মশালায় তিনি একথা বলেন।
নিধি খারে বলেন, “রাইট টু রিপেয়ার পোর্টাল, ই-জাগৃতি ও জাতীয় ভোক্তা হেল্পলাইন-এর মতো উদ্যোগগুলি ভোক্তাদের জন্য মামলা-মকদ্দমার আগেই দ্রুত, ঝামেলাহীন এবং কম খরচে অভিযোগ নিষ্পত্তির পথ খুলে দিচ্ছে।” তিনি এই ডিজিটাল পদ্ধতির প্রসার ও শক্তিশালীকরণের ওপর জোর দেন।
তিনি আরও বলেন, “ডার্ক প্যাটার্ন, ভুয়ো রিভিউ এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মতো প্রতারণামূলক কৌশলের উপর লাগাম টানতে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি-র পক্ষ থেকে আরও কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
২০২৫ সালে জাতীয় ভোক্তা হেল্পলাইনে মোট ৫.৪১ লক্ষ অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ২৩ শতাংশ দক্ষিণী রাজ্যগুলির।
জাতীয় স্তরে নথিভুক্ত ২৮.৫৪ লক্ষ মামলার মধ্যে মাত্র ৫.৬২ লক্ষ মামলা এখনো বিচারাধীন, যা উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করেন খারে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিচারাধীন মামলার হার মাত্র ১৩.৩৪ শতাংশ, যা দেশের মধ্যে অন্যতম সেরা।
তিনি বিশেষভাবে প্রশংসা করেন কর্ণাটক ও কেরলের রাজ্য ভোক্তা কমিশন-এর, যারা দাখিলকৃত মামলার তুলনায় বেশি সংখ্যক মামলা নিষ্পত্তি করেছে। এছাড়াও বহু জেলা কমিশন টানা তিন বছর ধরে ১০০ শতাংশের বেশি নিষ্পত্তির হার ধরে রেখেছে।
2025-06-14

