পাটনা, ২৬ মে: আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব রবিবার তার বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছেন এবং একইসঙ্গে তাকে পরিবার থেকেও বিচ্ছিন্ন করেছেন।
এই ঘটনাটি সামনে আসে যখন তেজ প্রতাপ যাদব তার ফেসবুক পেজে একটি নারীর সঙ্গে ছবি পোস্ট করেন, যেখানে ওই মহিলাকে তার ‘পার্টনার’ হিসেবে উল্লেখ করা হয়।
লালু যাদব এক্স-এ লেখেন, “জ্যেষ্ঠ পুত্রের কার্যকলাপ, জনসমক্ষে আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবহার আমাদের পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সে কারণে আমি তাকে দল ও পরিবার থেকে সরিয়ে দিচ্ছি। আজ থেকে তার কোনও ভূমিকাই থাকবে না—দলেও নয়, পরিবারেও নয়। তাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল।”
তিনি আরও লেখেন, “তার ব্যক্তিগত জীবনের ভাল-মন্দ, গুণ-অগুণ বোঝার ক্ষমতা রয়েছে। যারা তার সঙ্গে সম্পর্ক রাখবে, তারা নিজে সিদ্ধান্ত নিক। আমি সবসময়েই জনজীবনে শালীনতা বজায় রাখার পক্ষে থেকেছি, এবং পরিবারের অনুগত সদস্যরা তা পালন করেছেন।”
তবে প্রাক্তন বিহার মন্ত্রী তেজ প্রতাপ যাদব দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং যে পোস্ট ভাইরাল হয়েছে তা পরিকল্পিতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে “বদনাম ও হয়রানি” করার উদ্দেশ্যে করা হয়েছে।
ভাইরাল হওয়া সেই পোস্টে লেখা ছিল, তিনি এক নারী অনুষ্কা যাদবের সঙ্গে ১২ বছরের সম্পর্কের মধ্যে রয়েছেন। পোস্টটিতে তাঁদের একটি ছবি ছিল, যা পরে মুছে ফেলা হয়।
এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, বিশেষ করে কারণ তেজ প্রতাপ ২০১৮ সালে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দরোগা রাই-এর নাতনি ঐশ্বর্যা রাই-কে বিয়ে করেছিলেন। তবে সেই বিবাহ শেষ পর্যন্ত বিতর্কে জড়িয়ে পড়ে, কারণ ঐশ্বর্যা অভিযোগ করেছিলেন, তেজ প্রতাপ ও তাঁর পরিবারের তরফ থেকে তাঁর প্রতি অমানবিক আচরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে তেজ প্রতাপ লেখেন, “আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করা হয়েছে এবং আমার ছবিগুলি বিকৃতভাবে সম্পাদনা করা হয়েছে। এই ধরণের গুজবে কান দেবেন না। দয়া করে সতর্ক থাকুন।”

