আগরতলা, ৪ মে : গৌরনগর আর.ডি. ব্লকের অন্তর্গত দেওড়াছড়া এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ডের কলোনি পাড়া এলাকার বাসিন্দারা আজও আধুনিক পরিকাঠামোর মুখ দেখেননি। ১৯৮৪ সাল থেকে এই গ্রামে রিয়াং সম্প্রদায়ের মানুষ বসবাস করলেও এখনও পর্যন্ত একটি রাস্তা, স্টিল ব্রিজ বা কালভার্ট তৈরি হয়নি।
অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এলাকাবাসীরা বাঁশের তৈরি সাঁকো দিয়ে প্রতিদিন ছড়া পারাপার করেন। একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্ভোগের চিত্র আরও স্পষ্ট হয়। খবর পেয়েও দমকল বাহিনী সময়মতো পৌঁছতে পারেনি রাস্তা না থাকার কারণে। তিনটি ঘর আগুনে ভস্মীভূত হয়।
এলাকায় বর্তমানে ১৫টি পরিবারের প্রায় ৭০ জন মানুষ বসবাস করেন। কৃষিকাজই তাদের একমাত্র জীবিকা। তবে পানীয় জলের ব্যবস্থাও আজও সঠিকভাবে হয়নি।
এই উপেক্ষার প্রতিবাদে ক্ষোভ জমছে গ্রামবাসীদের মধ্যে। তারা চাইছেন অবিলম্বে সড়ক, সেতু এবং পানীয় জলের ব্যবস্থা করা হোক, যাতে ন্যূনতম সুযোগ-সুবিধার মধ্যে বাঁচতে পারেন।

