সমসাময়িক বিভিন্ন ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলে এডিজিপির নিকট ডেপুটেশন বামফ্রন্টের

আগরতলা, ২ মে: সমসাময়িক বিভিন্ন ঘটনার বিরুদ্ধে অভিযোগ তুলে এডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করল বামফ্রন্ট। আজ ডেপুটেশন প্রদান শেষে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন বাম নেতৃত্বরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট কনভেনার মানিক দে বলেন, গোটা রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যব্যাপী কাজ খাদ্যের অভাবেই সাধারণ মানুষ মাঠে নামতে শুরু করেছে। রেগার কাজ নেই, এমনকি উৎসবের সময় যে কাজ করানো হয়েছে সেক্ষেত্রে টাকা প্রদান করা হচ্ছে না। এই ঘটনা আগে কখনো ঘটেনি। এছাড়াও চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, চোরেদের আটক করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। মহিলাদের উপর নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, আসামিরা অধরাই থেকে যাচ্ছে। শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না। নির্দিষ্ট সময় ধরে শূন্য পদগুলো পূরণ না করায় পদগুলি নিজে থেকেই বাতিল হয়ে যাচ্ছে। এই সকল বিষয় নিয়ে যখন বামেরা আন্দোলনে নেমেছে তখন সরকারের কাছে কোন উত্তর নেই। তাই বলপ্রয়োগ করে বামেদের ওপর হামলা হজ্জতি করা হচ্ছে। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বামেদের পার্টি অফিস।

এদিন তিনি বলেন, এই নিয়ে দশবার আক্রান্ত হয়েছে ধর্মনগরের বামফ্রন্ট পার্টি অফিস। কিছুদিন আগে যখন ধর্মনগর পার্টি অফিসে হামলা করা হয়েছে তখন পুলিশের কাছে সাহায্য চাইলেও তারা সাহায্যের হাত বাড়ায়নি বলে অভিযোগ করেছেন মানিক দে। তিনি এই হামলায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর কথায়, শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশের সদর দপ্তরে ফোন করলে জেলার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও মান্দাই, ডুকলি সহ বিভিন্ন জায়গায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় শাসকদলের সমর্থকরা বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছে। এমনকি বাম দলকে সমর্থন করায়ও বিভিন্ন জায়গায় বাম সমর্থকদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সমস্ত বিষয়গুলি নিয়ে এদিন এডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করেছে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্য কমিটি।

মানিক দে আরো জানান, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল ঘটনাগুলি গুরুত্ব সহকারে শুনেছেন। এবং এই বিষয়গুলি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান মানিক দে। সাধারণ মানুষকেও সরকারের এই সকল নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে আহবান জানান তিনি।