সুইডেন, ৩০ এপ্রিল: সুইডেনের উপসালা শহরে ভয়াবহ এক গুলিচালনার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থল ভক্সালা স্কয়ার-এর কাছাকাছি একটি হেয়ার সেলুনে। প্রত্যক্ষদর্শীদের মতে, এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী সেলুনে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।
পুলিশ জানিয়েছে , গুলিচালনার পর সন্দেহভাজন হামলাকারী একটি স্কুটারে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে। পুরো ভক্সালা স্কয়ারের আশপাশকে “উচ্চ নিরাপত্তা জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন। পুলিশ এই ঘটনাকে “হত্যা ও সন্ত্রাসবাদমূলক হামলার” দৃষ্টিতে দেখছে এবং ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে গুলিচালনা ও সহিংসতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে, সংঘবদ্ধ অপরাধচক্র ও গ্যাং-সংক্রান্ত সহিংসতার পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
সুইডিশ সরকার এই পরিস্থিতি মোকাবেলায় বন্দুক সংক্রান্ত আইন কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, “সাম্প্রতিক হামলাগুলি প্রমাণ করে যে আমাদের অস্ত্র আইন এখনকার সময়ের প্রেক্ষিতে যথেষ্ট নয়। আমরা দ্রুত আইন সংশোধনের পথে এগোচ্ছি।”
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুইডেনের আরেক শহর, ওরেব্রো-তে একটি প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলিচালনার ঘটনায় ১০ জন নিহত হন। ওই ঘটনাটিও দেশজুড়ে গভীর আলোড়ন তোলে।
উপসালার এই সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে দেশটির রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ আরও গভীর হয়েছে। পুলিশ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে।
এখনও পর্যন্ত হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী সম্ভাব্য সকল কোণ থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

