আগরতলা, ২৫ এপ্রিল: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চারটি দোকান। দমকলবাহিনীর মতে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল রাতে উদয়পুর গকুলপুর বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, গতকাল রাতে উদয়পুর গকুলপুর বাজারের একটি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা দমকলকর্মীর। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

