প্রয়াত প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস, কংগ্রেস ভবনে শ্রদ্ধা জ্ঞাপন

আগরতলা, ১৭ এপ্রিল : অমরপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা ও প্রাক্তন এমডিসি নির্মল চন্দ্র দাস (৭২) আজ জীবনাবসান করেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। আজ সকালে আগরতলার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক কাউন্সিল (এটিএএডিসি)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি ছিলেন সক্রিয় ও জনপ্রিয় মুখ। মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক পুত্র ও তিন কন্যা।

নির্মলবাবুর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালেই আগরতলার কংগ্রেস ভবনে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

তাঁর অবদানের কথা স্মরণ করে নেতারা বলেন, নির্মল চন্দ্র দাস একজন নিষ্ঠাবান ও জনমুখী রাজনীতিবিদ ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক পরিসরে অপূরণীয় ক্ষতি হয়েছে।