৪৬ তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে বড়জলা মন্ডলে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ৮ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির ৪৬ তম প্রতিষ্ঠা বর্ষ উৎযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী ‘গ্রাম চলো অভিযান’-এর অঙ্গ হিসেবে বড়জলা ৪ নম্বর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। রবিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয় লঙ্কামুড়া স্থিত সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হলে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, মন্ডল সভাপতি রাজীব সাহা সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, জনসেবার অঙ্গীকার নিয়েই ১৯৮০ সালের ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির পথচলা শুরু হয়েছিল। ৪৫ বছর অতিক্রম করে দল এখন ৪৬ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে ৬ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দলের বিভিন্ন মন্ডল ও বুথ অফিসে পতাকা উত্তোলন, কর্মকর্তাদের নিয়ে সম্মেলন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার চালানো হচ্ছে। জনগণের কাছে দলের ইতিহাস, আদর্শ ও সাফল্য তুলে ধরার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় সাংগঠনিক বৈঠক ও প্রচারমূলক কর্মসূচি পালিত হচ্ছে।

এই কর্মসূচিরই অংশ হিসেবে বড়জলা ৪ নম্বর মন্ডলের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। বৈঠকে কর্মীদের মধ্যে দলীয় আদর্শ বিস্তারের পাশাপাশি আসন্ন কর্মসূচিগুলোর রূপরেখাও তুলে ধরা হয়।