চণ্ডীগড়, ৭ এপ্রিল (হি.স.) : পঞ্জাবের মোগায় ১৮ বছর আগে ঘটে যাওয়া যৌন নিগ্রহের মামলায় ৪ প্রাক্তন পুলিশ কর্মীকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও দু’লক্ষ টাকা করে জরিমানা করল সিবিআইয়ের বিশেষ আদালত। প্রাক্তন এক আধিকারিককে অতিরিক্ত ৩ বছরের সাজা দিয়ে মোট ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৭ সালে এক নাবালিকার গণধর্ষণের অভিযোগে এই মামলা শুরু হয়। তদন্তে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। রাজনীতিকদের নাম জড়ানো ও অর্থ লেনদেনের অডিও ফাঁস হতেই বিষয়টি জনসমক্ষে আসে। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মামলাটি সিবিআইকে হস্তান্তর করে। ২৯ মার্চ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার সাজা ঘোষণা করা হয়। অভিযোগকারী রণজিত সিং আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

