হিমাচল ও পঞ্জাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীতে কাঁপছে হরিয়ানাও

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২-৩ দিন শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার কিছু কিছু অংশে শৈত্যপ্রবাহ বজায় থাকবে। আইএমডি আরও জানিয়েছে, আগামী ৩ দিন উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

তবে, মধ্য ভারতে আগামী ৩ দিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। ৩ দিন পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যান্য অংশেও তাপমাত্রা বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আইএমডি আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও মেঘালয়ের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। ২৭ জানুয়ারি বিহার ও ওড়িশায় কুয়াশা থাকতে পারে। ২৯ জানুয়ারি তামিলনাড়ুর কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর ৩০ জানুয়ারি কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে ভারী বৃষ্টির প্রত্যাশিত।