ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের ইতিহাস

মুম্বই, ৩ নভেম্বর (হি.স.): ভারতের বিপক্ষে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতা রীতিমতো যুদ্ধ জয়ের মতো, তারপর হোয়াইটওয়াশ! তা তো কল্পনার বাইরে! আর সেটাই করে দেখালো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজ নিউজিল্যান্ড জিতে নিল ৩-০তে।

তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার ২৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২১ রানে অলআউট করেছে। প্রথম ইনিংসে তাদের ২৩৫ রানের পর ভারত ২৬৩ রান করে। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর কিউইরা পুনেতে ১১৩ রানে জিতেছিল।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলার পর রিশভ পন্ত ভারতকে লড়াইয়ে রাখেন রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে। কিন্তু ৫৭ বলে ৬৪ রান করে তিনি ফিরে যাবার পর কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন ওয়াশিংটন শিব সুন্দর ও রামচন্দ্রন অশ্বিন। রামচন্দ্রন আউট হতেই ভারতের শেষ দুটো উইকেট এর পতন ঘটে এক ওভার এর মধ্যেই। আকাশ দীপ প্রথম বলে আউট হওয়ার পরেই সুন্দর মেরে খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে ফিরে যান ফিলিপসের বলে। মোহাম্মদ সিরাজ কোনো রান না করে নট আউট থাকেন। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া প্যাটেল এ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। গ্লেন ফিলিপসের শিকার ৩, হেনরির ১।