আগরতলা, ৭ সেপ্টেম্বর: নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই যুবককে নির্যাতন করা হত। ডুকলি স্থিত সানরাইজ ফাউন্ডেশনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, আমতলী বাইপাস এলাকা স্থিত সানরাইজ ফাউন্ডেশন নামে নেশা মুক্তি কেন্দ্রে রাহুল দেব নামে যুবকের মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রীর অভিযোগ, আজ থেকে চার মাস আগে সুস্থ হওয়ার জন্য স্বামীকে নেশা মুক্তি কেন্দ্রে দিয়েছিলেন। চলতি মাসে চার মাসের টাকা দিয়ে বাড়িতে আনার কথা ছিল তাকে। কিন্তু গতকাল রাতে ফাউন্ডেশনের কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান রাহুলের প্রচন্ড পেটব্যথা হচ্ছে। তাকে হয় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু পরিবারের লোকজনরা জিবি হাসপাতালে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাহুল দেব বলে দাবি তার। ওই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন মৃতের স্ত্রী। মৃত যুবকের বর্তমানে বৃদ্ধ মা ভাই স্ত্রী এবং তিনটি সন্তান রয়েছে।

