প্রবল বৃষ্টিতে ভূমিধস যোশীমঠের গ্রামে

দেরাদুন, ৩০ আগস্ট (হি.স.): একটানা প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের যোশীমঠের পাগনো গ্রামে ভূমিধস। পাহাড় থেকে নেমে আসা ধসের জেরে পাগনোতে আতঙ্কের সৃষ্টি হয়। ঘর ছেড়ে পালাতে শুরু করেন গ্রামবাসীরা। শুক্রবার জানা গেছে, বেশ কিছু জায়গায় পাহাড়ের ঢাল বেয়ে জলের সঙ্গে কাদাও নামতে শুরু করে। একাধিক বাড়িতে ফাটল দেখা যায়।

উল্লেখ্য, গত মাস থেকেই যোশীমঠের কিছু কিছু এলাকায় ভূমিধস হতে শুরু করে তারপর থেকে বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।এই প্রসঙ্গে এক গ্রামবাসী বলেন, আমাদের গোটা গ্রামই প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমরা সারারাত কার্যত কোনও ছাদ ছাড়াই এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছি।