রানির বাজারের ঘটনায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘুদের আর্থিক সহযোগিতার দাবি জানালো তিপরা মথা মাইনোরিটি মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: মজলিশপুর বিধানসভা কেন্দ্রের দুর্গানগর এলাকায় সংখ্যালঘু পরিবারগুলির উপর হামলা লুটপাট ও অগ্নিসংযোগ এর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানিয়েছে তিপরা মথা মাইনোরিটি মোর্চা।

মজলিশপুর বিধানসভা কেন্দ্রের দুর্গানগর এলাকায় কালী মূর্তি ভাঙচুর ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ সহ হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তিপরা মথা মাইনোরিটি মোর্চা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছে সংগঠন।

সাংবাদিক সম্মেলনে মাইনোরিটি মোর্চার চেয়ারম্যান আলম মিয়া অভিযোগ করেন এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিঘ্নিত করার লক্ষ্যেই এ ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে। কালী মূর্তি ভাঙচুর ও সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ সহ হিংসাত্মক কার্যকলাপ উভয় ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন।

প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৩০ লক্ষ টাকা বলে সংগঠনের তরফ থেকে দাবী করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সংগঠন। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম নেতা মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।