ফের রাঙাপানিতে রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির দু’টি বগি

ফাঁসিদেওয়া, ১৭ আগস্ট (হি.স.): রাঙাপানিতে ফের দুর্ঘটনার কবলে ট্রেন। শুক্রবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এ তেল বোঝাই করে বেরোনোর সময় লুপ লাইনে দুর্ঘটনাটি ঘটে। তেল পরিবহণকারী মালগাড়ির দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে, ওই তেল পরিবহণকারী রেলের একাধিক বগি ডাউন লাইনে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনার সময়।শুক্রবার রাতে একটি তেল সংস্থার প্ল্যান্টে যায় ওই মালগাড়িটি। সেখান থেকে তেল ভর্তি করে বেরোনোর সময়ে মালগাড়ির দু’টি বগি বেলাইন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং রেলের আধিকারিকরা। এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিলজল কিশোর শর্মা বলেন, “ওই ঘটনা তেল সংস্থাটির এলাকায় হয়েছে। এতে মেন লাইনে কোনও সমস্যা হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।”