নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ আগস্ট: মেয়ের একটি অভিযোগের উপর ভিত্তি করে শিক্ষককে বাজার থেকে তোলে নিয়ে নিজ বাড়িতে আক্রমণ করে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনা মন্দির নগর উদয়পুরে।গত বৃহস্পতিবার উদয়পুরে অভিজিৎ দে নামে এক শিক্ষককে সেন্ট্রাল রোড থেকে শংকর কর্মকার সহ কয়েকজন মিলে তুলে নিয়ে যায় সংকর কর্মকারের বাড়িতে। অভিযোগ সংকর কর্মকারের মেয়ের সঙ্গে নাকি খারাপ ব্যবহার করেছে ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে তাকে উদয়পুর সেন্ট্রাল রোড থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করা হয়।এমনকি ঐ শিক্ষকের স্ত্রীকেও ওই বাড়িতে খবর দিয়ে আনা হয়। সেখানে আসলে শিক্ষক এবং তার স্ত্রীকে মারধর করে বেশ কয়েকজন মিলে। এমনকি গুরুতর আহত অবস্থায় শিক্ষক অভিজিৎ দেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালতেই রক্ত বমি শুরু করেন শিক্ষক অভিজিৎ দে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে জিবিতে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবিতে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষকের মৃত্যু হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের নাম ধাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে।
