নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাপতিত্বে রাজ্যপালদের দুদিনের সম্মেলন শুরু হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এই প্রথম রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের সম্মেলন হচ্ছে, সম্মেলনে উপস্থিত রয়েছেন সব রাজ্যের রাজ্যপালরা। এছাড়াও রয়েছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সিইইও এবং কেন্দ্রের অন্যান্য আধিকারিকও সম্মেলনে অংশ নিয়েছেন। নতুন তিনটি ফৌজদারি আইন, উচ্চ শিক্ষার সংস্কার ও বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ণ, রাজ্যপালের ভূমিকা এবং উন্নয়নের ওপর আলোচনায় জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে এই সম্মেলনে।সম্মেলনের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, এই সম্মেলনে যে আলোচনা হবে, তা অংশগ্রহণকারীদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা হবে এবং তাঁদের কাজে সহায়তা করবে। রাষ্ট্রপতি মুর্মু গুনমাণসম্পন্ন শিক্ষা, দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর উন্নয়ন, যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক চাষাবাদ-সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
2024-08-02

