গুয়াহাটি রেলওয়ে স্টেশনে উদ্ধার প্রায় ৭২ লক্ষ টাকার ইয়াবা, গ্রেফতার ত্রিপুরার বাসিন্দা

গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপি-র অভিযানে উদ্ধার হযেছে প্রায় ৭২ লক্ষ টাকার ছয় হাজার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ট্রেন যাত্রীকে। গ্রেফতারকৃতকে ত্রিপুরার সোনামুড়া থানাধীন বাইমারা গ্রামের বাসিন্দা ৩৩ বছর বয়সি গোলাপ হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, আজ রবিবার বেলা প্রায় দুটো নাগাদ গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নম্বর ১৫৬২৬ দেওঘর সাপ্তাহিক এক্সপ্রেস-এ তালাশি অভিযান চালিয়েছিলেন সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর কর্মীরা। তালাশি চালিয়ে জিআরপি কর্মীরা ৩০টি প্যাকেটের প্রতিটিতে ২০০টি করে মোট ৬,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন।

ধৃত গোলাপ হুসেনের প্রদত্ত বয়ানের উদ্ধৃতি দিয়ে জিআরপি থানার ওসি জানান, ইয়াবাগুলি আগরতলা থেকে পশ্চিমবঙ্গের নিউ কোচবিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ওসি জানান, গোলাপ হুসেনের বিরুদ্ধে এনডিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা করে গ্রেফতার করা হয়েছে।