আগরতলা, ৯ মে: আইসিএসই পরীক্ষায় কম নাম্বার পাওয়ায় মৃত্যুর পথ বেছে নিল স্কুল ছাত্রী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল নিশা দেববর্মা। তার বাড়ি মান্দাই থানাধীন ব্লক পাড়া এলাকায়। সে পরীক্ষায় পাস করায় পরিবারের প্রত্যেককেই খুশি ছিল। তবে উপযুক্ত নাম্বার না পাওয়ায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারবে না বলে হতাশায় ভুগছিল সে। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফাঁসিতে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী।
মৃতার বাবা জানিয়েছেন, কি কারনে সেই পথ বেছে নিয়েছে সে সম্পর্কে কিছুই জানেন না তারা। তিনি হঠাৎ দেখতে পান ঘরের দরজা বন্ধ। তখন বারবার ডাকাডাকি করেও নিশা দরজা খুলে নি। পরবর্তীতে ঘরের অন্য দরজা দিয়ে তিনি দেখতে পান সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি প্রত্যেককে মেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে।

