কলকাতা, ১২ এপ্রিল (হি.স.) : মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েও এফআইআর দায়ের না করায় মথুরাপুর থানার ওসিকে শো-কজ় করল কলকাতা হাই কোর্ট।
হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপকুমার মিস্ত্রি। তারই ভিত্তিতে এই পদক্ষেপ।
শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, ‘‘অন্য বিষয়ে অনুসন্ধান না করেই এফআইআর দায়ের করে পুলিশ। আর এখানে পুলিশ অনুসন্ধান করার যুক্তি দেখিয়ে অপরাধমূলক অভিযোগ ঝুলিয়ে রেখেছে।’’ হাই কোর্টের প্রশ্ন, এক মাসের বেশি সময় ধরে অভিযোগ পড়ে রয়েছে। এত দিনেও ওসি কেন এফআইআর করেননি, ১৫ দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে। আগামী ৬ মে এই মামলার পরবর্তী শুনানি।
হাই কোর্টে অনুপবাবুর আর্জি ছিল, মামলার তদন্তভার সিবিআই এবং ইডিকে দেওয়া হোক। তাঁর অভিযোগ, পঞ্চায়েত প্রধান থাকাকালীন শিলি একই জায়গায় বার বার কাজের বরাত দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে জেলাশাসক, এসডিও, বিডিও-কে জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকেও জানিয়েছিলেন তিনি। অভিযোগ, তার পর থেকেই হুমকি আসছে।

