জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও মূলপর্ব অধরা ভগিনী নিবেদিতার

ক্রিকেট অনুরাগী-‌২৫

ভগিনী নিবেদিতা-‌২৭/‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ ছিল। ১০ উইকেটের বিশাল ব্যবধানের জয়ও পেয়েছে। তবে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও সেমিফাইনালে খেলা এবারের মত অধরা থেকে যাচ্ছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দলের। এদিকে, টানা ৪ ম্যাচে পরাজিত ক্রিকেট অনুরাগী। রয়েছে গ্রুপের শেষ স্থানে। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় জয় পেলো ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে বুধবার মনোজিৎ দাসের ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল অনায়াসেই ১০ উইকেটে পরাজিত করে দুর্বল ক্রিকেট অনুরাগীকে। ক্রিকেট অনুরাগীর গড়া মাত্র ২৫ রানের জবাবে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল ২২ বল খেলে   জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের পূজা দাস এবং অনুষ্কা শীল ৩ টি করে উইকেট দখল করেন। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দলের বোলারদের সাড়াশি আক্রমণে মাত্র ২৫ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী। দল সর্বোচ্চ ১১ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করেন শায়নিকা ঘোষ ৫৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে। ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দলের পক্ষে পূজা দাস ১ রানে এবং অনুষ্তা শীল ১ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দল ২২ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে চাইমাচু মগ ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে এবং সেবিকা দাস ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান।