ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে নিউ প্লে সেন্টার। তাও ক্রিকেট অনুরাগী কে ৫ উইকেটে হারিয়ে। আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি আসরেও নিউ প্লে সেন্টারের কাছে ক্রিকেট অনুরাগী সাত উইকেটে হেরেছিল। ৫০ ওভারের ডে ম্যাচেও নিউ প্লে সেন্টার মঙ্গলবার ৫ উইকেট এর ব্যবধানে দারুন জয় পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত চলতি সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেটে বি গ্রুপের খেলায়। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্সরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ৩০.১ ওভার খেলে ৫৮ রানে ক্রিকেট অনুরাগী ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে সায়ন্তিকা ঘোষের ২১ রান এবং টিয়া রায়ের ১১ রান ছাড়া কারও ব্যাটে দুই অঙ্কের স্কোর ছিল না। নিউ প্লে সেন্টারের স্নেহা সরকার ১৭ রানে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, পূর্বা চৌধুরী ছয় রানে তিনটি এবং ক্রিস্টিনা রেমা একটি উইকেট পেয়েছে । জবাবে লো স্কোরিং টার্গেটে নিউ প্লে সেন্টার ব্যাট করতে নেমে ২৫.১ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তবে ৩২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে নিউ প্লে সেন্টারের অবস্থা একসময় সঙ্গীন হলেও শ্রাবন্তী চৌধুরীর ১৪ রান এবং পরে অধিনায়ক মিষ্টু মালাকার দৃঢ়তা পূর্ণ ব্যাট চালিয়ে অপরাজিত ভূমিকায় ২৪ রান সংগ্রহ করে সঙ্গে দিয়া দত্ত কে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ক্রিকেট অনুরাগীর পৌষালী দত্ত ২১ রানে তিনটি এবং সায়ন্তিকা ঘোষ ও অনুভা পাল দুজনে একটি করে উইকেট পেয়েছে।
2024-04-09

