নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স): দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন দিল্লির মন্ত্রী অতিশী। তিনি জোর দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার কোনও প্রশ্নই নেই। আবগারি মামলায় ইডি-র হাতে ধৃত অরবিন্দ কেজরিওয়াল এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফার দাবি জানাচ্ছে বিজেপি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী বলেছেন, “আমাদের দেশে এই সংক্রান্ত দুটি সাংবিধানিক ও আইনগত বিধান রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনে বলা হয়েছে, দুই বছরের বেশি সাজা হলে আপনি জনপ্রতিনিধি থাকতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়ালকে দোষী সাব্যস্ত করা হয়নি…অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করার কোনও কারণ নেই। অরবিন্দ কেজরিওয়াল যদি এখন পদত্যাগ করেন, তাহলে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী সরকারগুলিকে পতনের জন্য এটি একটি খুব সহজ এবং সরল সমাধান হবে।”

