দার্জিলিং, ২৯ মার্চ (হি.স.) : শিয়রে লোকসভা নির্বাচন। দার্জিলিং কার দখলে থাকবে? তা নিয়ে জল্পনা শুরু। এরই মধ্যেই বিজেপি প্রার্থী রাজু বিস্তা ছুটলেন দিল্লিতে। শুক্রবার সকালে তড়িঘড়ি তিনি দিল্লি যান।
শুক্রবার দিল্লি যাওয়ার আগে রাজু বিস্ত বলেন, ‘বিমল গুরুং ও গোর্খা জনমুক্তি মোর্চা কী করবে তাঁদের ব্যাপার। তবে আমি আজ হয়েছি তা বিমল গুরুংয়ের জন্য। আমি রাজনীতিতে আছি তাঁর জন্য।’ স্বাভাবিক ভাবেই, এবারের নির্বাচনেও বিমল গুরুংয়ের সহযোগিতার হাত রাজু বিস্তার কাঁধেই থাকবে, এমনটাই আশা করছেন তিনি।
ভোটের মুখে আচমকাই হাওয়া বদল পাহাড়ে। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। নির্দল হিসেবে দাঁড়ানোর হুমকি দিয়ে রেখেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিমল গুরুংরাও তাঁদের অবস্থান স্পষ্ট করেননি। দার্জিলিঙে এবার বিজেপির সহযোদ্ধার সংখ্যা কমছে? জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
পাহাড়ে রাজনীতির চিত্রটা অনেকটাই বদলে যায় অজয় এডওয়ার্ড ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করার পর। সেক্ষেত্রে, কংগ্রেস তাঁকে প্রার্থী না করলেও নির্দল হিসেবে লড়তে পারেন হামরো পার্টি অজয় এডওয়ার্ড। কংগ্রেসের তরফেও প্রার্থী দাঁড় করানো হচ্ছে। স্বভাবতই, বিজেপির সহযোগী দলগুলির জোট অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই।

