নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.): লন্ডনে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত। দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, চেষ্টা কোচারের মত একজন উজ্জ্বল, বুদ্ধিমতী এবং সাহসী ছাত্রী খুব তাড়াতাড়ি চলে গেল। চেষ্টা আগে নীতি আয়োগের কর্মী ছিলেন।
উল্লেখ্য, দিনকয়েক আগে লন্ডনে ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক পিএইচডি পড়ুয়ার। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করার জন্যে গত বছর সেপ্টেম্বরে লন্ডন পাড়ি দেন চেষ্টা কোচার নামে ওই ভারতীয় তরুণী। জানা গেছে, তিনি সাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক সজোরে এসে ধাক্কা দেয় চেষ্টাকে। সেই সময়ে চেষ্টার সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রশান্ত। সাইকেল নিয়ে তিনি কিছুটা আগেই ছিলেন। স্ত্রীকে ট্রাকের ধাক্কা দিতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন প্রশান্ত। কিন্তু চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, বছর ৩৩-এর চেষ্টা নীতি আয়োগে চাকরি করতেন। এরপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি করতে যান। নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত এক্স হ্যান্ডেল থেকে ভারতীয় পড়ুয়ার লন্ডনে দুর্ঘটনায় মৃত্যুর খবর শেয়ার করেছেন। দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন সহকর্মীর মৃত্যুতে।

