আগরতলা, ১২ মার্চ : বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহীজলা জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ১৯৭৩’র ১৪৪ ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ২০০ মিটার এলাকায় রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত সময়ে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছেন।
এই আদেশ ১৩ মার্চ, ২০২৪ থেকে কার্যকর হবে এবং তা আগামী ১২ জুন, ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং সোনামুড়া ও বিশালগড় মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সিআরপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

