প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ হয়েছে ভারত : প্রধানমন্ত্রী

মারগাঁও, ৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ হয়েছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিশ্ববাসী বিভিন্ন দেশে বিভিন্ন পর্যটনের জন্য যায়। ভারত শুধুমাত্র একটি ভিসায় বিভিন্ন পর্যটন অফার করে। তবে, ২০১৪ সালের আগে সরকার পর্যটনের দিকে কোনও মনোযোগ দেয়নি। পর্যটন গন্তব্য, সমুদ্র সৈকত ও দ্বীপের উন্নয়নে তাঁদের কোনও দৃষ্টিভঙ্গিই ছিল না।” প্রধানমন্ত্রী মোদী মঙ্গলাবার দক্ষিণ গোয়ার মারগাঁও-এ একটি জনসভা থেকে ১৩৩০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানটির নাম ‘বিকশিত ভারত, বিকশিত ভারত ২০৪৭’।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমাদের প্রচেষ্টা হল, গোয়ার অভ্যন্তরীণ অঞ্চলে ইকো-ট্যুরিজমের প্রচার করা। এতে ওই সব এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন। পর্যটকরা গোয়ার গ্রামে পৌঁছলে সেখানে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।” প্রধানমন্ত্রীর কথায়, “ডাবল ইঞ্জিন সরকার দরিদ্রদের কল্যাণে বড় প্রকল্প চালানোর পাশাপাশি পরিকাঠামোতে রেকর্ড বিনিয়োগ করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেশে রাস্তা, রেল ও বিমানবন্দর কত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বছরের বাজেটে, আমরা পরিকাঠামোর জন্য ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছি।”