রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নিজেকে দ্বিতীয় হেমন্ত বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন সোমবার তাঁর সরকারের আস্থাভোটের আগে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “আমি গর্ব করে বলতে পারি, আমিই হলাম দ্বিতীয় হেমন্ত সোরেন।”
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন আরও বলেছেন, “এখন গোটা দেশ দেখছে, হেমন্ত সোরেনের প্রতি কতটা অবিচার করা হচ্ছে। রাজ্যের যে কোনও গ্রামে গেলে ঘরে ঘরে হেমন্ত সোরেনের প্রকল্প দেখতে পাবেন।” উল্লেখ্য, সোমবার আস্থাভোটে জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। চম্পই সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৭ জন বিধায়ক, বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন বিধায়ক।

